ভেনেজুয়েলায় ক্ষমতার লড়াইয়ে অনড় অবস্থানে মাচাদো
অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব তিনি প্রত্যাখ্যান করেছেন।
অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, তাঁর নেতৃত্বাধীন আন্দোলন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে প্রস্তুত। তাঁর দাবি, ২০২৪ সালের নির্বাচনে প্রতারণামূলক পরিবেশেও তাঁরা বিপুল ব্যবধানে জয় পেয়েছিলেন। তিনি বলেন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন হলে ৯০ শতাংশের বেশি ভোট পাওয়া সম্ভব।
মাচাদো এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। তবে ট্রাম্প প্রশাসনের ডেলসি রদ্রিগেজকে সমর্থনের সিদ্ধান্তে তিনি আপত্তি জানান। রদ্রিগেজকে তিনি নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের অন্যতম স্থপতি বলে আখ্যা দেন।
মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেনা মোতায়েন, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তেল খাত সামরিক নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাজধানী কারাকাসে সাংবাদিক আটক এবং প্রেসিডেনশিয়াল প্রাসাদের কাছে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনাও ঘটেছে, যা দেশটির চলমান অস্থিরতার চিত্র তুলে ধরে।
ফক্স নিউজ
