ভোগান্তির শেষ নেই ভিক্টোরিয়া কলেজে

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
পুরোনো ভবনে গজিয়ে উঠছে গাছ, খসে পড়ছে পলেস্তারা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কবি নজরুল ইসলাম হোস্টেলের ছবি -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ১২৮ বছর আগে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান অনেক ইতিহাসের সাক্ষী। বর্তমানে শিক্ষার্থীও কম নয়, প্রায় ৩০ হাজার। কিন্তু দিন যত যাচ্ছে পাঠদানের স্বল্পতা, আবাসন সমস্য, নিরাপত্তা সমস্যা প্রকট হয়ে উঠেছে। ক্লাস রুম সংকটে কমন রুমে পাঠদান করা হচ্ছে। ভেঙে পড়ছে বিভিন্ন ভবনের পলেস্তারা। বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে রাখা হয়েছে জিয়া অডিটোরিয়ামের সিলিং। এ ছাড়া কলা ভবন ও বিজ্ঞান ভবন-২ও ঝুঁকিতে রয়েছে। প্রশাসন থেকে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আসছে দিনের পর দিন। কিন্তু কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের। বর্তমানে কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ২৯ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন। কলেজের কবি নজরুল হোস্টেল নির্মিত হয় ১৯৬০ সালে। নির্মাণের ৬৬ বছরেও বড় ধরনের কোনো সংস্কার হয়নি অভিযোগ শিক্ষকদের। যে কারণে জরাজীর্ণ হয়ে পড়েছে হলটি, খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ ছাড়াও বিভিন্ন স্থান ভাঙাচোরা এবং নষ্ট হয়ে গেছে দরজা-জানালা। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই হোস্টেলে থাকছেন শিক্ষার্থীরা। এর মধ্যে গত ১৮ অক্টোবর গভীর রাতে হলের ৩৪৫ নম্বর কক্ষের এক শিক্ষার্থীর খাটের মশারির ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। অবশ্য এমন ঘটনা প্রায়ই ঘটেছে। নজরুল হলের আবাসিক শিক্ষার্থী ফাহাদ্দিস সরকার, ওমর ফারুক মানিক, কামরুল হাসান, শরীফ হোসেন ও মো. সাকিব বলেন, ‘আমাদের এই হলটি খুবই জরাজীর্ণ। যে কারণে সব সময় আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এই হল দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আবাসিক শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ মেরামত এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।’

এদিকে ২০০৬ সালের ১৬ মার্চ কলেজের ডিগ্রি শাখায় উদ্বোধন হয় জিয়া অডিটোরিয়াম। বর্তমানে জিয়া অডিটোরিয়াম বেহাল। প্রধান ফটক পেরোলেই দর্শক আসন। প্রবেশ করতেই চোখে পড়ে ছাদের ঝুলে থাকা সিলিং। এই প্লাস্টিকের সিলিং ঠেকিয়ে রাখা হয়েছে বাঁশের খুঁটি দিয়ে। যে কারণে এখানে অনুষ্ঠানে আসা শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়াও টিন শেডের ছাদ থেকে পানি পড়ে এবং বিভিন্ন স্থান জরাজীর্ণ।

কলেজের বিভিন্ন অনুষ্ঠান, সভা-সমাবেশ ও শিক্ষার্থীদের নানা গুরুত্বপূর্ণ আয়োজন হয় এই অডিটোরিয়াম। যে কারণে এখানে বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও অতিথির সমাগম ঘটে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সংস্কারে অবহেলা এবং সিলিং বাঁশের খুঁটি দিয়ে ঠেকিয়ে রাখায় প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

আজাহারুল ইসলাম ও তানজি আক্তার বলেন, ‘অডিটোরিয়ামের প্রবেশপথে বাঁশের খুঁটি দিয়ে যেভাবে সিলিং ধরে রাখা হয়েছে, তা দেখে মনে হয় যেন দ্বিতীয় তলাটিই বাঁশের খুঁটির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। বিষয়টি ঝুঁকিপূর্ণ। যেকোনো দুর্ঘটনা হতে পারে। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা বলেন, ‘আমরা সম্প্রতি নজরুল হোস্টেল পরিদর্শনে গিয়েছিলাম। দেখে এসেছি সবকিছু। গত কয়েক বছরে কিছু সংস্কার হয়েছে। বড় ধরনের সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে। এ ছাড়া ক্লাসরুম সংকট, জিয়া অডিটোরিয়াম সংস্কার, আরও হল নির্মাণ ও বাসের সংকট দূরের বিষয়ে কাজ করছি। আশা করছি দ্রুত ভালো ফলাফল পাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights