ভোটের আগে নাটোরে ইসলামী ব্যাংকে চার কোটি টাকার লেনদেন, দুলুর অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোরে ইসলামী ব্যাংকের মাধ্যমে সন্দেহভাজন অ্যাকাউন্ট থেকে মোটা অংকের টাকা ব্যাংক লেনদেনের করে জামায়াত ভোট কেনার চেষ্টা করছে- এমন অভিযোগ করেছেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার দুপুরে বিএনপি প্রার্থী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনী কার্যালয় নাটোর শহরের আলাইপুরে সাংবাদিকদের ডেকে এসব অভিযোগ করেন।

দুলু অভিযোগ করে বলেন, নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখায় ইসলামী ব্যাংকের নামে অ্যাকাউন্টে ঢাকা থেকে সন্দেহভাজন অ্যাকাউন্ট থেকে প্রায় ৪ কোটি টাকা পাঠানোর হয়েছে।নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখায় ইতোপূর্বে এ ধরনের লেনদেনের নজির নেই বলে দাবি করেন তিনি।

হঠাৎ করে ভোটের একদিন আগে এমন লেনদেন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধানের শীষের প্রার্থী দুলু বলেন, তার শঙ্কা এই টাকা দিয়ে ভোট কেনাবেচা হতে পারে। সে কারণে তিনি ভোটের আগে এই টাকা লেনদেন বন্ধ চেয়ে নাটোর রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন।

এ বিষয়ে নাটোর ইসলামী ব্যাংকের এভিপি বলেন, ৪ কোটি টাকা লেনদেন তাদের ব্যাংকের জন্য তেমন কোন বড় বিষয় নয়। ভোটের মধ্যে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে তাই তারা এটিএম বুথের জন্য এসব টাকা চেয়েছেন। এই লেনদেনকে সন্দেহভাজন ভাবার কোন কারণ নেই বলে দাবি করেন তিনি।

নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখার এজিএম উজ্জল কুমার বলেন, লেনদেনটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেন বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে ব্যবস্থা কর্তৃপক্ষকে অভিযোগের বিষয়টি জানিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights