ময়লার ভাগাড় থেকে সৌর বিদ্যুৎ কেন্দ্র, আলো জ্বলছে দুইশ’ পরিবারে
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের নিউ হেভেন শহরের মিডলটাউন অ্যাভিনিউতে দুই দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল একটি ময়লার ভাগাড়। প্রায় ২২ বছর আগে আবর্জনা ফেলা বন্ধ হয়ে যাওয়া সেই অনাবাদি ও অব্যবহৃত জমিকে এবার নতুন রূপ দিল শহর কর্তৃপক্ষ। ১৯২০টি সৌর প্যানেলের বিশাল এক সোলার ফার্ম বসিয়ে অনাবাদি ভাগাড়টিকে রূপান্তর করা হয়েছে পরিচ্ছন্ন শক্তির এক শক্তিশালী উৎসে।
এই নতুন সোলার পার্কটি থেকে বছরে আনুমানিক ১৪ লাখ কিলোওয়াট ঘণ্টারও বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে, যা প্রতি বছর প্রায় ২০০টি পরিবারের সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সোলার ডেভেলপার প্রতিষ্ঠান গ্রিনস্কাইস ক্লিন এনার্জি। শহর কর্তৃপক্ষের সাথে ২০ বছরের একটি চুক্তির অধীনে তারা এই সোলার অ্যারেই নির্মাণ করেছে। চুক্তির অংশ হিসেবে এই সোলার ফার্ম থেকে আগামী ২০ বছর প্রতি মাসে ৬ হাজার ডলার করে আয় করবে নিউ হেভেন শহর।
সংগৃহীত বিদ্যুৎ সরাসরি স্থানীয় পাওয়ার গ্রিড পরিচালনা সংস্থা ‘ইউনাইটেড ইলুমিনেটিং’-এর কাছে বিক্রি করা হবে, যা মূল গ্রিডের বিদ্যুতের সাথে যুক্ত হয়ে পরিবেশবান্ধব শক্তি সরবরাহে ভূমিকা রাখবে। এক সংবাদ সম্মেলনে শহরের মেয়র জাস্টিন এলিকার জানান, কঠিন শীতের আবহাওয়া পেরিয়ে মাত্র এক বছরেরও কম সময়ে সোলার পার্কটি গড়ে তোলা হয়েছে। এটিকে পরিবেশ, জনস্বাস্থ্য এবং রাজস্ব; সব দিক থেকেই শহরের জন্য একটি বড় জয় হিসেবে দেখছেন তিনি।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এই সোলার প্যানেলগুলো থেকে উৎপন্ন সবুজ শক্তি পরিবেশকে যে পরিমাণ কার্বনমুক্ত রাখবে, তা প্রায় ৮১ হাজার ব্যাগের আবর্জনা পুনর্ব্যবহার করা কিংবা ১৬শ’ গাছের চারাকে ১০ বছর ধরে বেড়ে উঠতে দেওয়ার সমান। শহরটিতে ইতিমধ্যেই সোলার স্কুল, ইভি ও পার্কিং ক্যানোপির মতো বেশ কিছু সবুজ উদ্যোগ চালু থাকলেও এটিই প্রথম প্রকল্প যার মাধ্যমে শহর কর্তৃপক্ষ সরাসরি বিপুল পরিমাণ আয় করতে যাচ্ছে।
