মহাকাশের ঘুটঘুটে আঁধারে ভাসছে পৃথিবী ও চাঁদ! ভিডিও শেয়ার করলেন নভোচারী

অনলাইন ডেস্ক

মহাকাশের ঘুটঘুটে অন্ধকারের মাঝে পাশাপাশি ভাসছে আমাদের পৃথিবী আর চাঁদ। ড্রাগন মহাকাশযানের জানালা দিয়ে ধারণ করা এমনই এক চোখধাঁধানো টাইম-ল্যাপস ভিডিও শেয়ার করেছেন নভোচারী অনিল মেনন। ভিডিওটি এরই মধ্যে নেটিজেনদের মুগ্ধ করেছে।

অনিল মেনন জানিয়েছেন, এই টাইম-ল্যাপস ভিডিওটিতে সময়ের গতি কিছুটা পরিবর্তন করা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, ভিডিওর ঠিক ৪৫ সেকেন্ডের মাথায় মহাকাশে ‘অরিয়ন’ বা কালপুরুষ নক্ষত্রমণ্ডলীকে উদিত হতে দেখা যায়।

ভিডিওটি ধারণ করার কারিগরি কৌশল সম্পর্কে তিনি জানান, এটি ১৫ মিলিমিটার লেন্স ব্যবহার করে ধারণ করা হয়েছে; যেখানে ক্যামেরার ‘অ্যাপারচার প্রায়োরিটি’ এবং ‘অটো আইএসও’ (ISO) সেটিং ব্যবহার করা হয়েছিল।

মহাকাশযানের জানালা থেকে তোলা এই দৃশ্য পৃথিবীর পটভূমিতে চাঁদের এক অভূতপূর্ব সৌন্দর্য তুলে ধরেছে। অবশ্য নভোচারী অনিল মেননের জন্য এটিই প্রথম নয়। এর আগেও তিনি কক্ষপথ থেকে মহাকাশ ও পৃথিবীর বেশ কিছু দুর্লভ ছবি এবং টাইম-ল্যাপস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এর মাধ্যমে তিনি সাধারণ মানুষকে পৃথিবীর বাইরের অজানা ও মোহনীয় সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়েছেন।

এবারের টাইম-ল্যাপস ভিডিওটি দেখেও রীতিমতো বিস্মিত ইন্টারনেট ব্যবহারকারীরা। মহাকাশের এমন সৌন্দর্য দেখে মুগ্ধতা প্রকাশ করে একজন লিখেছেন, কী দারুণ এক অভিজ্ঞতা, এটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরেকজন লিখেছেন, ‘সত্যিই অপূর্ব! অন্য দুজন লেখেন, এটি দেখতে অসাধারণ লাগছে এবং একেবারে চমকপ্রদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights