মহেশপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম নামে একাধিক মামলার এক পলাতক আসামি পালিয়ে যায়।

শনিবার রাত পৌনে ৯টার দিকে মহেশপুর থানার ফতেপুর ইউনিয়নের কদমতলা গ্রামের ফতেপুর বাওড়ের পাশে একটি কাঁচা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মহেশপুর থানার কদমতলা মাঠপাড়া গ্রামের মো. সেলিম রেজার ছেলে মো. রাসেল হোসেন (৩০), বৈচিতলা গ্রামের মৃত স্বপন হালদারের ছেলে চঞ্চল হালদার (২৭) এবং যশোর জেলার চৌগাছা থানার চাঁনপাড়া গ্রামের মৃত মোশারেফ মন্ডলের ছেলে মো. আক্তারুল (২১)।

এছাড়া এ ঘটনার অর্থদাতা ও পৃষ্ঠপোষক হিসেবে পলাতক অভিযুক্ত আসামি হলেন মহেশপুরের যুগিহুদা গ্রামের মো. মজনু মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৪)।

পুলিশ জানায়, শনিবার রাতে মহেশপুর থানার এএসআই মো. শামসুল করিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা গ্রামের জনৈক কাদের মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর বিশেষ অভিযান চালিয়ে তিন আসামিকে আটক করে। পরে ১ নম্বর আসামি রাসেলের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়।

ওসি আরও জানায়, পলাতক আসামি শহিদুল ইসলামের নামে পূর্বেও মহেশপুর থানায় সরকারি কাজে বাধা, মারধর এবং মাদক আইনসহ চুরির একাধিক মামলা রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights