মহেশপুর সীমান্ত থেকে ৪৬ স্বর্ণের বিস্কুটসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে মো. আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)।

৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা সীমান্তের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সামন্তা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধানখেতে অবস্থান নেয়। সে সময় দুজন চোরাকারবারি পায়ে হেঁটে সীমান্তের দিকে রওনা করে। এরপর স্বর্ণ চোরাকারবারিরা বিজিবি টহল দল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় বিজিবি সদস্যরা তাদের দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা হবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দসহ জব্দকৃত স্বর্ণের বিস্কুটগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights