মাগুরায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, জরিমানা

অবৈধভাবে মাগুরার মহম্মদপুরের মধুমতি নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে খন্দকার মামুন অর রশিদ নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার শিরগ্রাম এলাকার পূর্ব পাশে মধুমতি নদীর করিমের ঘাটে ওই ব্যবসায়ী ড্রেজার (গেলবট) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।

খবর পেয়ে দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আদনান আকিব এই জরিমানা করেন। মামুন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় মামুন অর রশিদকে আটক করা হয়। পরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আদনান আকিব বলেন, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights