মাদারীপুরে থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর থানা থেকে হাসিনা বেগম নামে এক নারী আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার মাদারীপুরের ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদ হাসিনা বেগমকে গ্রেফতার করেন। পরে তাকে মাদারীপুর সদর থানায় নেওয়া হয়। অভিযোগ রয়েছে, রাত আনুমানিক ১টার দিকে তিনি থানা হেফাজত থেকে পালিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, নারী আসামির পালিয়ে যাওয়ার ঘটনাটি সত্য। ঘটনার পর শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর থানা পরিদর্শন করে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। তবে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, ঘটনাটি প্রকাশ না পাওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

এ বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এবং মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

তবে মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মহসিন বলেন, “ঘটনার বিষয়টি আমি শুনেছি। তবে আমি বর্তমানে অফিসের বাইরে রয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights