মায়ের কোল ফিরে পেল লাখ টাকায় বিক্রি হওয়া সেই নবজাতক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে প্রায় তিন মাস পর মায়ের কোল ফিরে পেল এক লাখ টাকায় বিক্রি হয়ে যাওয়া সেই নবজাতক শিশু। শনিবার রাতে ধুনট থানা পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। এদিকে দীর্ঘদিন পর নবজাতক শিশুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা।

জানা গেছে, ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মৃত আশাদুল ইসলামের মেয়ে আয়শা খাতুন (১৬) বেলকুচি গ্রামে তার নানা মৃত কপিল উদ্দিনের বাড়িতে নানি আছিয়া বেগমের সঙ্গে বসবাস করে। তার স্বামী সোহেল ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। গত ২৮ নভেম্বর আয়শার প্রতিবেশি নানা বেলকুচি গ্রামের রফিকুল ইসলাম শাহীন তাকে শেরপুর উপজেলার মাহবুব ক্লিনিকে নিয়ে যায়। এরপর ওই ক্লিনিকে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেন আয়শা খাতুন। কিন্তু জ্ঞান ফেরার আগেই ক্লিনিক কর্তৃপক্ষের যোগসাজসে শিশুটিকে ১ লাখ টাকায় বিক্রি করে দেন রফিকুল ইসলাম শাহীন ও তার সহযোগীরা।

এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি আয়েশা খাতুন বাদী হয়ে বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে রফিকুল ইসলাম শাহীনসহ ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে শিশুটিকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া এই মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights