মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর
দিনাজপুর প্রতিনিধি
মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় এক ঘণ্টা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপা মনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে পৌর শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা রিক্তা পারভিন একই বিদ্যালয়ে আয়া হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় সড়ক পার হচ্ছিল শিপা। এ সময় দিনাজপুর থেকে বিরামপুরগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যান চলাচল ব্যাহত হয়।
পরে সকাল ১০টার দিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হাসানের আশ্বাসে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
