মীরসরাইয়ের সাবেক চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের পৃথক দুই মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের ১ শতাংশ করের উন্নয়ন প্রকল্পে ৮৭ লাখ ৮০ হাজার ৫৮৩ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এ মামলাটি করেন সংস্থার উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। মামলার আসামিরা হলেন- করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক সংরক্ষিত নারী সদস্য কল্পনা রানী চক্রবর্তী, শেলী মজুমদার ও তাহেরা বেগম এবং সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের (মাস্টার), মো. শহীদ উল্লাহ, মো. বেলাল উদ্দিন, ফেয়ার মিয়া মিন্টু, মো. আজাদ উদ্দিন ও কোরবান আলী। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন।
এদিকে একই ব্যক্তিদের বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) ৩০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা দায়ের হয়েছে।
চট্টগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মামলাটি দায়ের করেন। এ মামলার প্রধান আসামি মো. এনায়েত হোসেন নয়ন। তিনি মীরসরাইয়ের ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পরবর্তী সময়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন। অন্য আসামিরা হলেন- সাবেক ইউপি সদস্য কল্পনা রানী চক্রবর্তী, শেলী মজুমদার, তাহেরা বেগম, মো. শহীদ উল্লাহ, মো. বেলাল উদ্দিন, ফেয়ার মিয়া মিন্টু, মো. মহিউদ্দিন, মো. সফি আহাম্মদ, মো. আজাদ উদ্দিন ও কোরবান আলী। মামলার অপর আসামি মিলন বড়াল, যিনি মীরসরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সাবেক উপসহকারী প্রকৌশলী।
