মেসির বাবা মারা গেছেন, ভুয়া খবর ছড়িয়ে চাকরি গেল সাংবাদিকের

অনলাইন ডেস্ক

ভুয়া খবরের জেরে ২০২৬ বিশ্বকাপের মাঝেই তোলপাড় আর্জেন্টিনার মিডিয়াপাড়ায়! আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পরিবারকে জড়িয়ে ভুয়া খবর প্রচার করে চাকরি খোয়াতে হলো আর্জেন্টিনার এক জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেলের পুরো টিমকে।

চলমান বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনার চ্যানেল ‘লুজু টিভি’ গতকাল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর দেয়। যে কারণে তারা তাদের ‘এল শো দেল বেরানো’ অনুষ্ঠানের সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়া এবং সেই সঙ্গে পুরো টিমকে চাকরি থেকে বরখাস্ত করেছে।

এই খবর অনুষ্ঠানের পুরো টিম ছড়িয়েছে একটি লাইভ অনুষ্ঠানে। হুট করেই সেদিন প্রেজেন্টার ফ্লোরেনসিয়া অনুষ্ঠান থামিয়ে দেন। গম্ভীর মুখে দর্শকদের জানান, মেসির বাবা নাকি একটু আগেই মারা গেছেন! এখানেই শেষ নয়; তিনি আরও যোগ করেন, বাবার শেষকৃত্যে যোগ দিতে মেসি নাকি এখন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসবেন।

পরে মেসির পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন এবং তার বর্তমান শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় যে ধরনের দাবি, গুজব ও অনুমানভিত্তিক খবর ছড়ানো হয়েছে, তাতে আমরা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হওয়া সত্ত্বেও কিছু মানুষ যে সংবেদনশীলতা, সম্মানবোধ ও ন্যূনতম বিবেচনার অভাব দেখিয়েছেন, তাতে আমরা অত্যন্ত অসন্তুষ্ট।’

মেসির পরিবারের বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা পরিষ্কার করে জানাতে চাই যে হোর্সে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তার নিকটতম পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকে প্রকাশিত নয়—এমন কোনো বক্তব্য, তথ্য বা দাবি সত্য বলে গণ্য করা উচিত নয়। এমন পরিস্থিতিতে আমরা সবাইকে দায়িত্বশীলতা, সংযম ও মানবিকতা প্রদর্শনের আহ্বান জানাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরে মেসির পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ফ্লোরেনসিয়া পিনিয়া।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights