যশোরের সেই শিশুকে শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে আন-নাসরের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার শিশুটির মা-বাবার হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারসামগ্রী পেয়ে আন নাসরের বাবা-মা আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা বলেন, প্রধানমন্ত্রী যশোর থেকে ফিরেও আমাদের সন্তানের কথা মনে রেখেছেন এবং উপহারসামগ্রী পাঠিয়েছেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই প্রাপ্তি আমাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।

উপহার পাওয়ার পর শিশু আন নাসরের মা আফরোজা নাসরিন নীলিমা বলেন, এই প্রাপ্তির অভিব্যক্তি প্রকাশ এককথায় সম্ভব নয়। আমার সন্তানকে দেখে উনি (প্রধানমন্ত্রী) সেদিন বাস থেকে নেমে আসলেন, একসঙ্গে ছবি তুললেন, এটা শিশুদের প্রতি যে ওনার সফট কর্নার, তারই প্রমাণ দেয়।

তিনি আরও বলেন, এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমি বাচ্চাকে কোলে নিয়ে ফুল হাতে দাঁড়িয়ে ছিলাম এই আশায় যে উনি আমাদের দেখে একটু হাত নাড়াবেন, সেই সুযোগে তাকে একটু দেখব। কিন্তু উনি যে নেমে এসে বাচ্চাকে আদর করবেন, ছবি তুলবেন, আমরা চিন্তাও করিনি। এতটা পাওয়া, কীভাবে যে কী হলো, আল্লাহই ভালো জানেন! ওনার (প্রধানমন্ত্রী) জন্য অনেক অনেক দোয়া।

শিশুর বাবা সাজেদুর রহমান অপু নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার বাচ্চার হাতে ফুল দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বাস থেকে নেমে আসেন, তাকে আদর করেন, একসঙ্গে ছবি তোলেন। এটা আমাদের কাছে স্বপ্নের মতো ছিল। আবার আজ আমার সন্তানের জন্য প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছেন, এটাও আমাদের কাছে স্বপ্নের মতো।

তিনি আরও বলেন, আমরা খুবই সাধারণ মানুষ। বাস থেকে নেমে এসে আমার সন্তানের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি তোলা, আবার আজ উপহার পাঠানো, এসব ঘটনা আমার, আমার স্ত্রীর এবং আমাদের সন্তানের জীবনে বড় প্রাপ্তি হয়ে থাকবে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহারসামগ্রী আন নাসর ও তার মা-বাবার হাতে তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর থেকে ঢাকায় ফিরে তার অতিরিক্ত প্রেস সচিবকে নির্দেশ দেন শিশু আন নাসরকে উপহার পাঠানোর জন্য। সে অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী আন নাসর ও তার মা-বাবার হাতে পৌঁছে দিয়েছি।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী দিনব্যাপী সফরে যশোরে যান। দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে সেখানে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান, একসঙ্গে ছবি তোলেন ও কিছু সময় অতিবাহিত করেন। এই পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights