যশোরে ৬০ পিস স্বর্ণের বারসহ প্রাইভেটকার জব্দ

অনলাইন ডেস্ক

যশোর শহরতলীর রাজারহাট এলাকা থেকে ৬০ পিস স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি। তবে এসময় পালিয়ে যেতে সক্ষম হয় ওই প্রাইভেটকারের চালক ও স্বর্ণ পাচারকারী। জব্দকৃত স্বর্ণের মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে যশোর-৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন স্বর্ণের চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রঙয়ের প্রাইভেটকার ঢাকা থেকে যশোরের অভিমুখে আসছে। পরে যশোর-৪৯ বিজিবি এবং খুলনা-২১ বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে।
খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি যশোর রাজারহাট এলাকায় আসলে ৪৯ বিজিবি সদস‌রা প্রাইভেটকারটি গতিরোধের নির্দেশ দিলে চালক গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দেয়। এরপর চালক ও স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনা ট্রেজারিতে ও প্রাইভেটকারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে। খুলনা সেক্টরের অধীনস্থ এই দু’টি ব্যাটালিয়ন চোলাচালান রোধকল্পে সর্বদা তৎপর রয়েছে এবং স্বর্ণ চোলাচালান শূন্যের কোটায় নামিয়ে আনতে সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights