যা কেউ ভাবেনি, সেই লক্ষ্য নিয়েই বিশ্বকাপে নামছে দক্ষিণ কোরিয়া
অনলাইন ডেস্ক
আসন্ন ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। শনিবার সিউলে এক সংবাদ সম্মেলনে স্কোয়াড প্রকাশ করেন প্রধান কোচ হং মিয়ুং-বো। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ফরোয়ার্ড সন হিউং-মিন।
টটেনহ্যাম হটস্পারে দীর্ঘ সময় কাটানোর পর এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেওয়া সনের এটি ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। তার সঙ্গে দলে রয়েছেন পিএসজি তারকা লি কাং-ইন, বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জে। ইনজুরি নিয়েও মিডফিল্ডার হওয়াং ইন-বিওমকে স্কোয়াডে রেখেছেন কোচ।
১৯৮৬ সাল থেকে টানা ১১তমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দল ঘোষণা শেষে কোচ হং মিয়ুং-বো বলেন, তাদের প্রাথমিক লক্ষ্য নকআউট পর্বে পৌঁছানো। তিনি জানান, প্রথম ধাপ পার হওয়াই এখন মূল লক্ষ্য, এরপর পরিস্থিতি অনুযায়ী এগোতে চায় দল।
২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোতে উঠেছিল কোরিয়া। তবে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।
এবার গ্রুপ এ তে থাকা দক্ষিণ কোরিয়ার সব ম্যাচই অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। ১১ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ১৮ জুন স্বাগতিক মেক্সিকো এবং ২৪ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপের আগে দলের ফর্ম খুব একটা ভালো নয়। গত মার্চে আইভরি কোস্টের কাছে ৪-০ এবং অস্ট্রিয়ার কাছে ১-০ গোলে হেরেছে কোরিয়া। চূড়ান্ত প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটিতে ক্যাম্প করবে দলটি। সেখানে ত্রিনিদাদ ও টোবাগো এবং এল সালভাদরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
সূত্র: এপি
