যুক্তরাষ্ট্রের ‘কাগজে-কলমে’ প্রতিশ্রুতি মানবে না ইরান
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুধু ‘কাগজে-কলমে’ পাওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে ইরান কোনো কূটনৈতিক সম্পর্কে ফিরবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) উপপ্রধান আলী বাগেরি কানি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাগেরি কানি বলেন, যুক্তরাষ্ট্রের বাস্তব পদক্ষেপ ইরানকে নিজের চোখে দেখতে হবে। যখন এসব পদক্ষেপ দেখা যাবে, তখনই কেবল নতুন অধ্যায় শুরুর প্রেক্ষাপট তৈরি হতে পারে। গত দেড় বছরে চার দফা আলোচনার সব কটিতেই প্রতিশ্রুতি ভঙ্গের মাধ্যমে যুক্তরাষ্ট্র তা নস্যাৎ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এসএনএসসির প্রধান মোহসেন রেজাইয়ের তিন ঘণ্টাব্যাপী বৈঠকের মূল উদ্দেশ্যও পরিষ্কার করেন বাগেরি কানি। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি বার্তা পৌঁছে দিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বার্তায় দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে ইরানের অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়েছে, যাতে খামেনির নেতৃত্বে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে মস্কো আরও পরিষ্কার ধারণা পায়।
এদিকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ফোনালাপে দুই মন্ত্রী অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
