যুক্তরাষ্ট্রের রেনো শহরের কাছে দাবানল, ৪২ হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া একটি দাবানল রেনো শহরের দিকে অগ্রসর হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ রবিবার বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

রেনোর মেয়র হিলারি শিভে সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। আরও প্রায় ৪৫ হাজার মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আগুন লাগার একদিনের মধ্যেই ‘হক ফায়ার’ প্রায় ১৫ হাজার ৪০ একর (৬ হাজার ৮৭ হেক্টর) এলাকায় ছড়িয়ে পড়ে। রোববার বিকেলে দাবানলটি রেনো শহরের প্রায় ৫ মাইল (৮ কিলোমিটার) উত্তর-পশ্চিমে জ্বলছিল। ২০২৫ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, রেনো মহানগর এলাকায় ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ বসবাস করেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দাবানলে ইতোমধ্যে পাহাড়ের চূড়ায় থাকা কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী।

আগুনের পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ হয়ে উঠেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের দাবানল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইনসিওয়েব।

স্থানীয় ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা ছবিতে রেনো শহরের আশপাশের পাহাড়ের চূড়া থেকে আগুনের শিখা ও আকাশজুড়ে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার মেঘ দেখা গেছে।

গভর্নর জো লোম্বার্ডো রেনো শহরের কাছে দ্রুত ছড়িয়ে পড়া মারাত্মক দাবানলের কারণে ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তার জারি করা আদেশে বলা হয়েছে, ‘হক ফায়ার দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার জন্য হুমকি তৈরি করছে।’

রেনো নেভাদার উত্তর-পশ্চিমাঞ্চলে, ক্যালিফোর্নিয়ার সীমান্তের কাছে এবং সিয়েরা নেভাদা পর্বতমালার জনপ্রিয় পর্যটন এলাকা লেক তাহোর কাছাকাছি অবস্থিত।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে, কিংবা সম্ভব হলে তারও আগে, নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, ‘হক ফায়ার আমাদের জন্য খুবই পরিবর্তনশীল একটি পরিস্থিতি। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বাতাসের গতিতে ছড়িয়ে পড়া আগুন খুব দ্রুত আবাসিক এলাকাগুলোতে পৌঁছে যেতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights