যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি : ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেহরান কোনো ধরনের আলোচনায় অংশ নেয়নি।

এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি বা পরোক্ষ-কোনো পর্যায়েই আলোচনা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবসহ আলোচনার অনুরোধ এসেছে, যা পাকিস্তানসহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে পৌঁছেছে বলে জানান তিনি।

ইসমাইল বাঘাই আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের অবস্থান একেবারেই পরিষ্কার এবং কঠোর। তার ভাষায়, “যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় আমাদের সব প্রচেষ্টা দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় কেন্দ্রীভূত রয়েছে।” তিনি ইঙ্গিত দেন, চলমান সংঘাতের মধ্যে আলোচনা বা সমঝোতার সুযোগ খুবই সীমিত।

যুদ্ধবিরতির প্রশ্নেও তেহরান তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানান এই মুখপাত্র। তিনি বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে ইরান কোনো নতুন অবস্থান নেয়নি এবং যুক্তরাষ্ট্রের আচরণের ওপরই ভবিষ্যৎ পরিস্থিতি নির্ভর করছে।

অন্যদিকে, ভিন্নধর্মী বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলমান এবং তা ইতিবাচক অগ্রগতি পাচ্ছে।

তবে এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, তারা কোনো আলোচনায় অংশ নেয়নি এবং যুক্তরাষ্ট্রের এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বিশ্লেষকদের মতে, দুই দেশের বক্তব্যের এই স্পষ্ট বিরোধ বর্তমান সংঘাতকে আরও জটিল করে তুলছে। একদিকে যুদ্ধ চলমান, অন্যদিকে আলোচনার দাবি ও অস্বীকার-এমন পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights