যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত, ইরানের পক্ষে থাকার ঘোষণা রাশিয়ার

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যেই তেহরানের প্রতি নিজেদের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলাপকালে এই সংহতি প্রকাশ করেন। তেহরানের পক্ষ থেকে করা এই ফোনালাপে ল্যাভরভ স্পষ্ট করেছেন, মস্কো সবসময়ই এমন একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষপাতি যা আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) মেনে ইরানের বৈধ অধিকার নিশ্চিত করবে।

সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। এই আলোচনার অগ্রগতির প্রেক্ষাপটেই দুই দেশের শীর্ষ কূটনীতিকরা বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। ল্যাভরভ বলেন, রাশিয়া মনে করে একটি সুষ্ঠু ও ন্যায্য আলোচনার মাধ্যমেই কেবল এই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান সম্ভব। একই সঙ্গে তিনি পরমাণু কর্মসূচি সংক্রান্ত চলমান বিতর্ক নিরসনে আলোচনার ধারা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। ফোনালাপে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট আরও বেশ কিছু বিষয় নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

জেনেভা বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনার পরিবেশকে গঠনমূলক হিসেবে বর্ণনা করলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা সতর্ক বার্তা এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনাকে কিছু ক্ষেত্রে ফলপ্রসূ বলে অভিহিত করলেও অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারণ করে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ শর্ত বা রেড লাইনের বিষয়ে ইরান এখনো যথেষ্ট নমনীয় নয়। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হোয়াইট হাউস স্পষ্ট করেছে, আগামী ১০ দিনের মধ্যেই বোঝা যাবে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না। অন্যথায় ওয়াশিংটন আরও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে রেখেছে।

সূত্র: মিডলইস্ট মনিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights