যুক্তরাষ্ট্র ও আরবদের আরও কঠোর হুঁশিয়ারি দিল ইরান!
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ ঘোষণার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর খতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগর ও ওমান সাগরের নিরাপত্তা সবার জন্য নিশ্চিত হবে, অন্যথায় কোনো বন্দরই নিরাপদ থাকবে না।
সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, ইরান তার আঞ্চলিক জলসীমার প্রতিরক্ষা বজায় রাখাকে একটি প্রাকৃতিক এবং আইনগত দায়িত্ব বলে মনে করে। এই এলাকায় বিদেশি বা শত্রুভাবাপন্ন কোনো জাহাজের অনধিকার প্রবেশ সহ্য করা হবে না।
জোলফাগারি বলেন, যুক্তরাষ্ট্রের এই নৌ-অবরোধ কেবল অবৈধই নয়, এটি মূলত সামুদ্রিক জলদস্যুতার শামিল। তিনি সতর্ক করেন, যদি ইরানের বন্দরগুলোর নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং উপসাগরীয় কোনো দেশের বন্দরই আর নিরাপদ থাকবে না।
হোয়াইট হাউসের এই পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান কৌশলগত হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, শত্রু দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না, তবে অন্যান্য দেশের জাহাজগুলো ইরানি বিধিবিধান মেনে যাতায়াত করতে পারবে।
সূত্র: আল মায়াদিন
