যে কারণে আজ ঢাবিতে বড়পর্দায় দেখা যাবে না আর্জেন্টিনার ম্যাচ

অনলাইন ডেস্ক
বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে আজ বড়পর্দায় আর্জেন্টিনার ম্যাচও উপভোগ করতে পারবেন না ফুটবলপ্রেমীরা।

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে আবারও পাঁচটি ভেন্যুতেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্‌দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ বলেন, শিক্ষার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে আজকের আয়োজন স্থগিত করা হয়েছে।

অ্যাথলেট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেজান মাহমুদ বলেন, বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ ও উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। তবে নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা যায় না। তাই সাময়িকভাবে আয়োজন বন্ধ রাখা হয়েছে।

টিএসসিতে খেলা দেখতে আসার প্রস্তুতি নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর বলেন, বন্ধুদের সঙ্গে বড়পর্দায় খেলা দেখার পরিকল্পনা ছিল। তবে আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত যৌক্তিক। নিরাপদ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, বড়পর্দায় খেলা দেখার আলাদা উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। আজ বন্ধ হওয়ায় কিছুটা খারাপ লাগছে। তবে আশা করছি, বুধবার থেকে আবার সবাই একসঙ্গে খেলা উপভোগ করতে পারব।

আয়োজকরা বৈরী আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে আগের সূচি অনুযায়ী বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights