যে কারণে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি যুদ্ধবিরতির ঘোষণা

রাশিয়া ও ইউক্রেন পৃথকভাবে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ও ৯ মে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও নিজস্ব যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছেন।

সোমবার রাশিয়া জানিয়েছে, তারা একতরফাভাবে ৮ থেকে ৯ মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করবে। এই সময়ে মস্কো তার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উদযাপন করবে। তবে ইউক্রেন এই যুদ্ধবিরতি ভঙ্গ করলে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা’ চালানো হবে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে পুতিন প্রথমবারের মতো বিজয়ের ৮১তম বার্ষিকী উদযাপনের সঙ্গে মিলিয়ে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির কথা বলেছিলেন।

অন্যদিকে, ইউক্রেনও ৬ মে থেকে নিজস্ব যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তারা জানিয়েছে, রাশিয়ার সামরিক ছুটির সময় যুদ্ধবিরতি মানা হবে- এমনটি প্রত্যাশা করা গুরুত্বপূর্ণ বা বাস্তবসম্মত নয়। দুই পক্ষের মধ্যে এই বাকবিতণ্ডা এমন সময় ঘটছে, যখন যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। কারণ এখন মধ্যপ্রাচ্যের সংঘাতে বেশি মনোযোগ দিচ্ছে ওয়াশিংটন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, মস্কোকে বিজয় দিবস উদযাপন করতে দেওয়ার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া গুরুত্বপূর্ণ নয়। রাশিয়া সম্ভবত ভয় পাচ্ছে যে, রেড স্কয়ারের ওপর দিয়ে উড়ে যেতে পারে ইউক্রেনীয় ড্রোন। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি রাশিয়ার পক্ষ থেকে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights