যে কারণে স্পেনকে অভিনন্দন জানাল ইরান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার আবহেই ফুটবল মাঠের সাফল্যকে কেন্দ্র করে এক অভিনব কূটনৈতিক বার্তা দিল ইরান। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠায় স্পেনকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে দেশটি। একই সাথে বিশ্ব রাজনীতির কঠিন সমীকরণে স্পেনের ‘ইতিহাসের সঠিক পক্ষে’ থাকার বিষয়টিকেও অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করেছে তেহরান।

মঙ্গলবার অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দুর্দান্ত পারফর্ম করে স্পেন ২-০ গোলে হারিয়ে দেয় গত দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সকে। খেলার ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে নেন মিকেল ওয়ারজাবাল এবং ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। উদ্বোধনী ম্যাচে নবাগত কেপ ভার্দির সাথে ড্র করে আসর শুরু করলেও এরপর থেকে স্প্যানিশদের পারফরম্যান্স ছিল এককথায় অনবদ্য। এই জয়ের ফলে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে পা রাখল ২০১০ সালের বিশ্বজয়ীরা। আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে তারা মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচের বিজয়ীর সাথে।

স্পেনের এই ঐতিহাসিক জয়ের পরপরই কেনিয়ার ইরান দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি বিশেষ পোস্ট করা হয়। অভিনন্দন বার্তায় লেখা হয়, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠায় স্পেনকে অভিনন্দন। ইতিহাসের সঠিক পক্ষে অবস্থান নেওয়ার জন্য আপনাদের এই অবদান কখনোই ভুলে যাওয়ার নয়।

এই বার্তার নেপথ্যে রয়েছে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সমীকরণ। বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাতের মাঝে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে ইরানি মহলে। ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও স্পেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে তাদের রোট নৌঘাঁটি এবং মোরন বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। স্পেনের এই স্বাধীন ও সাহসী অবস্থানকেই ইরান ‘ইতিহাসের সঠিক পক্ষ’ বলে অভিহিত করেছে।

রাজনৈতিক বার্তার পাশাপাশি স্প্যানিশ দলের এই অদম্য সাফল্যের পেছনে হাস্যরসাত্মক এক ‘রহস্যও’ ফাঁস করেছে ইরান দূতাবাস। আরেকটি পোস্টে তারা লিখেছে, আজ আপনাদের এই অনবদ্য পারফরম্যান্সের পেছনের গোপন রহস্যটি আমাদের কাছে একেবারেই পরিষ্কার। খেলার আগে স্প্যানিশ দল একজন ইরানি শেফের সাথে দুপুরের খাবার খেয়েছিল, যেখানে পরিবেশন করা হয়েছিল ঐতিহ্যবাহী কুবিদেহ কাবাব ও ইরানি খাবার। সেই সাথে স্প্যানিশ দলের ইরানি খাবার উপভোগ করার একটি ভিডিও-ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়।

চলতি বিশ্বকাপে ইরানের যাত্রা অবশ্য গ্রুপ পর্বেই শেষ হয়ে গেছে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের সাথে তিনটি ম্যাচই ড্র করে বিদায় নিতে হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights