যে জাহাজ থেকে এমভি আব্দুল্লাহতে হামলা চালায় দস্যুরা

অনলাইন ডেস্ক
ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। এটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের দিকে যাচ্ছিল। জলদস্যুদের কবলে পড়া জাহাজে থাকা নাবিকদের অস্ত্রের মুখে বন্দি করে রাখা হয়েছে।

এ ঘটনার তিন দিন পার হলেও এখন পর্যন্ত জলদস্যুরা নাবিকদের ওপর কোনো ধরনের শারীরিক নির্যাতন করেনি। তবে অস্ত্রের মুখে তাদের কথা মেনে চলতে বাধ্য করছে দস্যুরা। সময়ের সঙ্গে এই দস্যুতার ব্যাপারে মিলছে বিস্তারিত তথ্য। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বলেছে, ছিনতাই হওয়া একটি জাহাজ ব্যবহার করেই বাংলাদেশি জাহাজে হামলা ও পরে তা জিম্মি করে সোমালিয়ার দস্যুরা।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, সোমালি জলদস্যুরা গত বছরের ডিসেম্বরে মাল্টিজ-পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ রুয়েন ছিনতাই করেছিল। আর সেই জাহাজটিই তারা দুই দিন আগে ভারত মহাসাগরে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ দখলে নিতে ব্যবহার করতে পারে।
সংস্থাটি বলেছে, আগে ছিনতাই হওয়া জাহাজ ব্যবহার করে বাংলাদেশি জাহাজে হামলার এই তথ্য যদি সঠিক হয়, তাহলে এটা নিশ্চিত যে তারা আগের মতোই খুব সক্রিয় হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের জলদস্যুতাবিরোধী অভিযান ইউন্যাভফর-এর তথ্য অনুযায়ী, হামলার সময় অন্তত ১২ জন অভিযুক্ত জলদস্যু বাংলাদেশি জাহাজ আবদুল্লাহর ওপরে উঠে পড়েছিল বলে ভিজ্যুয়াল তথ্যে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights