রাজধানীতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি

অনলাইন ডেস্ক
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হয়েছে তুমুল বৃষ্টি। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে ঝড়ো বাতাস বয়ে যায়। বৃষ্টি শুরুর পর বাতাস অনেকটা থেমে যায়। তবে কিছু সময় পরপর বজ্রপাত হয়।

ভ্যাপসা গরমের মধ্যে ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলেও দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী-অভিভাবকসহ কর্মস্থল ও প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়া মানুষ।

ভোরের বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও এলাকায় পানি জমে যাওয়ায় চলাচলে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে দীর্ঘ সময়ের গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, আজ ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights