রাজশাহীতে ডেঙ্গুতে ঝরল ১৩ বছরের শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তাওহীদ ইসলাম। তার বাড়ি রাজশাহীর চারঘাটে। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১১ জন রোগীর মৃত্যু হলো। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮২ জন রোগী ভর্তি আছেন।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই রোগীর কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। রোগী মাত্র একদিনের জ্বরেই কাবু হয়ে পড়ে। জ্বরের সঙ্গে তার তীব্র মাথাব্যথা ছিল। এতে দুর্বল হয়ে পড়লে ওই রোগীকে গত ২৪ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু (৩০নং ওয়ার্ড) ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু রোগীর অবস্থা ধীরে ধীরে আরও নাজুক হয়ে পড়ে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ২৮ সেপ্টেম্বর আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী শনিবার ভোর ৫টার দিকে মারা যায়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৯৭ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজশাহীর স্থানীয় রোগী ছিল ১ হাজার ৩৬৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৯০৪ জন রোগী। মৃত্যুবরণ করেছেন ১১ জন রোগী। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৮২ জন রোগী। আর এখন স্থানীয় রোগীই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights