রাশিয়া-ইউক্রেনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান পোপের

ইউক্রেন ও রাশিয়াকে যুদ্ধ বন্ধের জন্য সরাসরি আলোচনায় বসার ‘সাহস’ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও।

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে বড়দিনের প্রথম বক্তব্যে জমায়েত ভক্তদের উদ্দেশ্যে ভাষণে তিনি বিশ্বজুড়ে সংঘাত সমাপ্তিরও আহ্বান জানান।

ইউক্রেন যুদ্ধের বিষয়ে পোপ বলেন, ‘অস্ত্রের সহিংসতা বন্ধ হোক। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও প্রতিশ্রুতির মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলো সৎ, সরাসরি ও সম্মানজনক সংলাপে অংশ নেওয়ার সাহস খুঁজে পাক।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তি আলোচনা চলছে, কিন্তু সরাসরি বৈঠক এখনো হয়নি।

বড়দিনের এক ধর্মোপদেশে, পোপ লিও বিশ্বজুড়ে সংঘাতের কারণে সৃষ্ট ক্ষতি ও গৃহহীন মানুষের পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘যুদ্ধ নিরপরাধ মানুষের জীবনকে ধ্বংস করেছে, তাদের জন্য ধ্বংসাবশেষ ও আঘাত রেখে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কীভাবে গাজার তাঁবুগুলোর কথা না ভেবে থাকতে পারি, যেখানে মানুষ সপ্তাহের পর সপ্তাহ বৃষ্টি, ঠান্ডা ও ঝড়ের কবলের মধ্যে দিনাতিপাত করছে।’

ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংসপ্রাপ্ত গাজার বাসিন্দাদের শীতের তাণ্ডব আরও ভোগান্তি বাড়িয়েছে। প্রায় ২১ লাখ বাসিন্দার অধিকাংশই ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছেন। সাহায্য সংস্থাগুলো ইসরায়েলকে আরও তাঁবু এবং জরুরি সরবরাহ গাজায় প্রবেশ করানোর আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights