রূপগঞ্জে প্রাইভেটকার ও গাড়ির ধাক্কায় নিহত ৩
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার ও ইট বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রূপসি কাঞ্চন সড়কের আতলাসপুর জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাইভেটকার ও ইটবহনকারী গাড়ি চালককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী হৃদয় (২৬), পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) জহির মিয়া বলেন, সকাল ৯টার দিকে রূপসি কাঞ্চন সড়কের আতলাপুর জেলেপাড়া এলাকায় এয়ারপোর্টগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলেই পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী নিহত হন। একই সময় একই স্থানে ইট বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী হৃদয় মিয়া ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন আরও পাঁচজন।
