রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ প্রকৌশলীর মৃত্যু

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি প্রকল্পটির নির্মাণকাজে নিয়োজিত ‘এটোম টেক এনার্গো’ নামক একটি রুশ প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে সংশ্লিষ্ট কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও নিজ কর্মস্থলে যোগ দিয়েছিলেন দোরোখিন সের্গেই। তবে হঠাৎ করেই কার্যালয়ের ভেতরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন।

​তিনি আরও জানান, মৃত্যুর সঠিক ও প্রকৃত কারণ নিশ্চিত করার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর মূল কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights