শত্রুর প্রকৃত অনুশোচনা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান
অনলাইন ডেস্ক
চলমান মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না শত্রু পক্ষকে ‘প্রকৃত অনুশোচনার’ জায়গায় আনা যায়। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া গত এই ঘোষণা দেন। তিনি বলেন, এই লক্ষ্য অর্জন এখন একটি কৌশলগত প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে লাগামহীন আগ্রাসন চালালেও শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে স্পষ্টভাবেই ব্যর্থ হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া বলেন, ইরান বর্তমানে পূর্ণ কর্তৃত্বের সাথে দাঁড়িয়ে আছে এবং প্রতিটি হুমকির দাঁতভাঙা জবাব দিচ্ছে। কিছু ক্ষেত্রে ইরান প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা আক্রমণের সফল প্রয়োগ ঘটাতে সক্ষম হয়েছে বলেও তিনি দাবি করেন।
সেনাপ্রবক্তার মতে, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ মূলত পরাজয় বরণ করেছে। তিনি ব্যাখ্যা করেন, প্রতিরোধের এই লড়াই চালিয়ে যাওয়ার চূড়ান্ত লক্ষ্য হলো শত্রুর মনে দীর্ঘস্থায়ী অনুশোচনাবোধ তৈরি করা। এই মনস্তাত্ত্বিক ও কৌশলগত অবস্থা ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করবে।
এই দৃষ্টিভঙ্গিকে কেউ কেউ আবেগতাড়িত বলে মনে করতে পারেন এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে আকরামিনিয়া বলেন, এই অবস্থান সম্পূর্ণভাবে কৌশলগত যৌক্তিকতার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। যুদ্ধের পুনরাবৃত্তি রোধ করতে শত্রুকে এই পর্যায়ে নিয়ে আসা অপরিহার্য বলে তিনি মনে করেন। তিনি জানান, যদি এই লক্ষ্য অর্জিত হয় তবে প্রতিরোধের মাত্রা এমন এক পর্যায়ে পৌঁছাবে যে শত্রু ভবিষ্যতে আর কখনো ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখাবে না।
সূত্র: প্রেস টিভি
