শহীদ জিয়ার নেতৃত্ব আজও অনুপ্রেরণা জোগায়: জোনায়েদ সাকী

অনলাইন ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, কারণ তিনি সময়ের প্রয়োজন ও দেশের ডাকে সাড়া দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী।

শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, ১৯৭১ সালে জাতি যখন দিশেহারা অবস্থায় ছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের পথে জাতিকে সাহস ও দিকনির্দেশনা দেন। তিনি মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছিলেন যে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন সম্ভব। তাঁর সাহসী নেতৃত্ব মুক্তিকামী জনগণের সামনে একটি সুস্পষ্ট লক্ষ্য তুলে ধরেছিল।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর দেশে যখন গভীর সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখনও জিয়াউর রহমান দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়েছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে মানুষের মনে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তখন জনগণ তাঁর নেতৃত্বের ওপর আস্থা রেখেছিল।

প্রতিমন্ত্রী বলেন, সময়ের প্রয়োজনে নেতৃত্ব দেওয়ার সেই ধারাবাহিকতা পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যেও দেখা গেছে।

তিনি বলেন, একদিকে ফ্যাসিবাদের পতন প্রয়োজন ছিল, অন্যদিকে রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় পুনর্গঠনের প্রয়োজন ছিল। আজ সেই সময়ের প্রয়োজন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে নদ-নালা খনন, কৃষক ও পরিবারভিত্তিক কার্ড বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের তিন মাস পূর্ণ হয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকী বলেন, সরকার দিন-রাত পরিশ্রম করে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তরুণদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, দলকে আরও সুসংগঠিত করতে হবে এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

জগন্নাথপুর আধুনিক মিলনায়তনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য এম এ খালেক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার ও জিয়াউদ্দিন জিয়া।

এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights