শালিখায় ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় যুবক আটক

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে আটক করে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার বয়রা গ্রামে তার নিজ বাড়ি থেকে শফিকুলকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর উপজেলার বয়রা গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপির সাবেক ইউনিয়ন নেতা অ্যাডভোকেট এখলাছুর রহমানের অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেছেন বলে দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে বিক্ষুব্ধ মানুষের ভিড় জমে। এ সময় ওই প্রবাসীর ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শফিকুল ইসলাম যৌন হয়রানি করেন। ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে শালিখা থানার উপপরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে যৌন হয়রানির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতেই অভিযুক্ত শফিকুলকে আটক করা হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, আটক যুবকের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights