শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি করতে হবে: হাবিবুর রশিদ

নিজস্ব প্রতিবেদক

জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।

আজ শনিবার সকালে খিলগাঁওয়ের ম্যাস্টিক ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত বিজ্ঞান মেলা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান মেলা পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন,‘বিজ্ঞান মেলা শুধু একটি প্রদর্শনী নয়; বিজ্ঞান মেলা হলো কৌতূহলকে জ্ঞানে, জ্ঞানকে চিন্তায় এবং চিন্তাকে উদ্ভাবনে রূপান্তরের একটি মহৎ আয়োজন।’

তিনি বলেন,‘প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো-আজ আমরা যে পৃথিবীতে বসবাস করছি, সেটি বিজ্ঞান ও প্রযুক্তির অবদানেই দ্রুত পরিবর্তিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে আমূল বদলে দিয়েছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ, শিল্প, পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণ-প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন,‘আমাদের প্রিয় বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান ক্লাব, বিজ্ঞানবিষয়ক সেমিনার ও বিভিন্ন প্রদর্শনী মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করার উদ্যোগ চলমান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের ব্যবহারিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও রয়েছে।’

তিনি আরও বলেন,‘আমাদের স্কুলগুলোতে বিজ্ঞান শিক্ষা যেন শুধু পাঠ্যবই ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না থাকে এই চিন্তা চিন্তনায় বাসাবো ম্যাস্টিক ইন্টারন্যাশনাল স্কুলের আজকের বিজ্ঞান মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করে হাবিবুর রশিদ হাবিব বলেন,‘এই শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান উপস্থাপন করছে না; তারা নিজেদের চিন্তা, সৃজনশীলতা, কল্পনা ও উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ করছে। তোমরা আজ যে ছোট বিজ্ঞান প্রকল্প তৈরি করেছ, সেই তোমরাই হয়তো আগামী দিনে দেশের বড় বিজ্ঞানী হবে। তাই নিজেকে কখনও ছোট চিন্তা করবেনা আজকের ছোট বিজ্ঞানীই আগামী দিনের বড় উদ্ভাবক।’

তিনি বলেন,‘তোমাদের ছোট ছোট উদ্ভাবনী চিন্তাকে জাতির সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ চলমান। নিবন্ধনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬ এবং বিভাগীয় পর্বের তারিখ ৩০ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত সেরা উদ্ভাবকরা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকসহ স্টার্টআপের জন্য বিশেষ আর্থিক সহায়তা পাবেন। তোমরা অংশ গ্রহণকরে আমাদের জন্য গৌরব বয়ে আনবে।”

সবশেষে শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার একটি বিশেষ আহ্বান আছে। তোমরা শুধু ভালো ফলাফল করার স্বপ্ন দেখবে না। ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখবে, দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখবে। এদেশ তোমার, এদেশ আমার, এদেশ আমাদের।’

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফেরদৌসী সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ইয়াহিয়া বাবু, বশিরুল আলম ফারুক, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সাঈদ উদ্দীন সুমন, পারভীন সুলতানা, কাজী মুনমুনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights