শিগগিরই জ্বলে উঠবেন বাটলার, বিশ্বাস ইংল্যান্ড অধিনায়কের
অনলাইন ডেস্ক
বিশ্বকাপে চরম দুঃসময় চলছে বাটলারের। প্রথম দুই ম্যাচে ২৬ ও ২১ রানের পর টানা ৪ ইনিংসে আউট হন দুই অঙ্ক ছোঁয়ার আগে। সুপার এইটের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার পৌঁছে গেলেন একদম তলানিতে। আউট হলেন শূন্য রানে। এটিই তাকে পৌঁছে দিল অনাকাঙ্ক্ষিত রেকর্ডের এককভাবে শীর্ষে। ইংল্যান্ডের হয়ে শূন্যতে ফিরলেন তিনি দশমবার। পেরিয়ে গেলেন লুক রাইট ও মইন আলিকে।
বাটলারের ক্যারিয়ার অবশ্য ওই দুজনের চেয়ে অনেক অনেক দীর্ঘ। সাবেক অলরাউন্ডার রাইট ৯ বার শূন্যতে ফিরেছেন স্রেফ ৪৫ ইনিংস খেলেই, আরেক সাবেক অলরাউন্ডার মইনের ৯ শূন্য ৭৫ ইনিংসে। তাদেরকে ছাড়িয়ে গেলেন বাটলার ১৪২ ইনিংস খেলে। ৬৪ ইনিংসে ৭ বার শূন্যতে কাটা পড়েছেন জেসন রয়। এমনিতে গৌরবের রেকর্ডের কমতি নেই তার। এই সংস্করণে দেশের জার্সিতে বাটলারের রান ৪ হাজার ১২। আড়াই হাজার রানও নেই ইংল্যান্ডের আর কারও। তার ২৯টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস, ৩৬৯ চার, ১৭৪ ছক্কা, ১০৭ ডিসমিসাল, সবকিছুই ইংল্যান্ডের সবার ধরাছোঁয়ার বাইরে। তার নেতৃত্বেই ২০২২ বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তবে সময়টা তার জন্য কঠিন। সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে দুঃসময় চলছে ৩৫ বছর বয়সী ক্রিকেটারের।
দেশের হয়ে সবশেষ ১৪ টি-টোয়েন্টি ইনিংসে তার ফিফটি নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে সবশেষ ২৪ ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছেন মোটে একবার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ও এই বিশ্বকাপ, টানা চারটি আইসিসি আসরে ২৬ ইনিংসে তার ফিফটি মোটে একটি। ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেছিলেন ৮৩। সব মিলিয়ে অনেক সাফল্যের নায়ক এখন দেখছেন উল্টো ছবি, ছুটছেন নিকষ পথে।
তবে তার সুদিনের আলো দেখেছেন বলেই এই আঁধারে ডুবে যাচ্ছেন না হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক মনে করিয়ে দিলেন, বাটলার আসলে কত বড় ব্যাটসম্যান। ব্রুক বলেন, জসকে নিয়ে অনেক কথা হয়েছে। সেদিনই বলছিলাম, ইংল্যান্ডের হয়ে দেড়শ (১৫৪) ম্যাচ খেলেছেন তিনি এবং লোকের তাই সম্ভবত একটু পিছু হটা উচিত সেখান (আলোচনা) থেকে। এই খেলাটা যারা খেলেছেন, তিনি সম্ভবত সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা। এখন খানিকটা বাজে অবস্থায় আছেন। তবে গোটা বিশ্বের সবার জন্যই এটুকু রোমাঞ্চকর যে, পরের দুই ম্যাচে তিনি কী করতে পারেন। অবশ্যই তিনি তেতে আছেন এবং মাঠে নেমে সবাইকে দেখাতে চান নিজের জাত।”
সামনে যখন সেমিফাইনাল, বাটলারকে নিয়ে আরও প্রশ্ন উঠবে নিশ্চিতভাবেই। তবে ব্রুক আবারও স্পষ্ট করেই জানিয়ে দিলেন আস্থার কথা। তিনি বলেন- দেখুন, দেড়শ ম্যাচে তার গড় ৩৪ (৩৩.৭৭) এবং স্ট্রাইক রেট ১৪৫ (১৪৭.৭৭)। সে অসাধারণ এক ক্রিকেটার এবং আমার কোনো সংশয়ই নেই যে, সে মাঠে নেমে ভালো করবে। প্রসঙ্গত, সুপার এইটের গ্রুপ সেরা ইংল্যান্ড সেমি-ফাইনাল খেলবে মুম্বাইয়ে আগামী বৃহস্পতিবার। প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি এখনও।
