শিবপুরে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় তাকে বাঁচাতে আসলে তার বোনের কাছ থেকে কয়েক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে শিবপুর উপজেলা সদর রোডে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ (২৭) শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে আসেন মারুফ। এসময় তাকে শিবপুরের সদর রোডস্থ একটি বাড়িতে আটকে রাখে সৈকতের নেতৃত্বে একটি কিশোর গ্যাং। খবর পেয়ে তাকে বাঁচাতে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার। এসময় তার বোন বৃষ্টির সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে তার বোনের কাছ থেকে বাবার পেনশনের তোলা ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, নিহত মারুফ নিজেও গত দুই মাস আগে একজনকে কুপিয়েছে। বয়স বেশি হলেও মারুফ কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে লোকজন। শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে। লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights