শিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান

রাবি প্রতিনিধি

শিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। গুপ্ত বাহিনী যে শিবিরেরই নেতৃবৃন্দ সেটা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিলে এসব মন্তব্য করেন এই ছাত্রনেতা।

রাহী আরও বলেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইফাতকে কুপিয়ে আহত করেছে শিবিরের গুপ্ত বাহিনীর নেতৃবৃন্দ। শিবিরের দায়িত্বশীলদের বলতে চাই অবিলম্বে এই গুপ্ত সন্ত্রাসীদের আইনের হাতে সোপর্দ করুন। আপনাদের উদাসীনতা ও পরিকল্পনায় এই গুপ্ত বাহিনী শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীর উপর হামলা করছে। চট্টগ্রামে আমাদের বোনকে লাথি মেরে নির্মমভাবে আহত করা হলো। জুলাই অভ্যুত্থানের পর এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রসমাজসহ কোন ছাত্রসংগঠন মেনে নেবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে এই নেতা বলেন, আপনি ঘুম থেকে উঠুন, শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা বন্ধ করুন এবং শিক্ষার্থী-বান্ধব কাজে আত্মনিয়োগ করুন। ক্যাম্পাসে শান্তিপূর্ণ কোন কর্মসূচিতে হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন চুপ থাকে তখন বুঝে নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনায় সেই হামলা হয়েছে। ক্যাম্পাসে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রদল সেটা কঠোর হস্তে প্রতিহত করবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফাজের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়। এতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিলুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম শফিক, মাহমুদুল মিঠুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights