শুধু রোনালদোকে নিয়ে ভাবছেন না কলম্বিয়া কোচ

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বে টানা দুই জয় তুলে নিয়ে নকআউট নিশ্চিত করলেও ‘কে’ গ্রুপে শীর্ষস্থান এখনও নিশ্চিত করতে পারেনি কলম্বিয়া। পরবর্তী ম্যাচে পর্তুগালের বিপক্ষে অন্তত হার এড়িয়ে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়েছে লাতিন আমেরিকার দলটি।

তবে প্রতিপক্ষ পর্তুগালের সবচেয়ে বড় ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আলাদা করে ভাবতে নারাজ কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো। তার মতে, শুধুমাত্র একজন খেলোয়াড়কে কেন্দ্র করে পরিকল্পনা করলে পুরো দলকে বিপদে ফেলা হতে পারে।

বর্তমানে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। বাংলাদেশ সময় আগামী রবিবার ভোরে মুখোমুখি হবে দুই দল।

এই ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ। শীর্ষে থাকা দল শেষ ৩২-এর পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে, যেখানে রানার্সআপ দলকে কঠিন সমীকরণের মুখে পড়তে হতে পারে।

এ প্রসঙ্গে কোচ নেস্তর লরেন্সো বলেন, ‘পর্তুগালের বিপক্ষে ম্যাচে রোনালদোকে আলাদাভাবে নজরে রাখলেও, পুরো দলকে উপেক্ষা করার সুযোগ নেই। আমাদের খুবই সতর্ক থাকতে হবে। রোনালদোকে বিশেষ করে গোলের কাছাকাছি জায়গায় একা রাখা যাবে না। তবে পর্তুগাল শুধু রোনালদোর দল নয়, তারা একটি সম্পূর্ণ শক্তিশালী ইউনিট।’

পর্তুগাল নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিল। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানে বড় জয় তুলে নেয় তারা। ওই ম্যাচে দুই গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যা তাকে বিশ্বকাপ ইতিহাসে ছয় আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়তে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights