শেরপুরে কোল্ড স্টোরেজে নষ্ট ৫৭ হাজার বস্তা আলু
শেরপুর প্রতিনিধি
শেরপুরের একটি বেসরকারি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকেজের ঘটনায় অন্তত ৫৭ হাজার বস্তা বীজ ও খাদ্য আলু নষ্ট হওয়ার অভিযোগে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের বিসিক শিল্পনগরী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা বলেন, কোল্ড স্টোরেজে সংরক্ষিত বীজ ও খাদ্য আলু নষ্ট হয়ে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা দ্রুত ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
পরে জেলা প্রশাসকের উদ্যোগে কৃষক প্রতিনিধি ও তাজ কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার আশ্বাস দেন।
বৈঠকে জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, এনএসআইয়ের উপপরিচালক ইফতেখার হোসেন, কৃষক প্রতিনিধি এবং কোল্ড স্টোরেজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই তাজ কোল্ড স্টোরেজের রেফ্রিজারেশন ইউনিটের একটি পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়। এতে প্রায় ৫৭ হাজার বস্তা বীজ ও খাদ্য আলু নষ্ট হয়ে যায়। এ ঘটনায় কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি আগামী মৌসুমে বীজের সংকট দেখা দেওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
