শেরপুরে প্রাথমিকের পরীক্ষায় তিনজনের কারাদণ্ড
শেরপুর প্রতিনিধি
শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেয়ার অভিযোগে ২ জনকে একমাস করে ও ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রের সেমিনা বেগম ও শেরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের রফিকুল ইসলামকে একমাস এবং আইডিয়াল স্কুল কেন্দ্রের শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বছর শেরপুর জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ হাজার ৩শ ৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪শ ২৪ জন। ২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০ হাজার ৪শ ৩৯ জন পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল হক।
