শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর প্রতিনিধি
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও প্রয়োজন অনুযায়ী সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আজ থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ইতোমধ্যে দায়িত্ব পালনের জন্য এলাকায় পৌঁছেছে। কোনাবাড়ি, শফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।
এর আগে, শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। তাদের দাবি, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা অবরোধ অব্যাহত রাখেন।
একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কে আগুন জ্বালিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি যানবাহন ভাঙচুর করা হয়।
ধাওয়া-পাল্টাধাওয়ায় শ্রমিক ও পুলিশের কয়েকজন আহত হন।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে টিয়ারশেল নিক্ষেপের পর শ্রমিকরা সড়ক থেকে সরে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
