সরাইলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৌকা সচল করতে গিয়ে মেঘনা নদীতে ডুব দিয়ে নিখোঁজ হওয়া যুবক হাবিব মিয়া (৩০) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ হওয়ার দু’দিন পর আজ মঙ্গলবার সকালে উপজেলার অরুয়াইল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হাবিব উপজেলার বারপাইকা গ্রামের মো.শামছু মিয়ার ছেলে।

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিয়াজ মোহাম্মদ জানান, হাবিব মিয়া তিতাস নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। গত শনিবার বিকেলে মেঘনা নদীতে বেপারি এন্টার প্রাইজ নামে একটি বাল্ক হেডের (বালুবাহী নৌকা)পাখায় কারেন্ট জাল লেগে নৌকাটি বন্ধ হয়ে যায়। জালটি খুলতে নৌকার লোকজন হাবিবের সাথে পাঁচ হাজার টাকায় চুক্তি করে। হাবিব নৌকার পাখা থেকে জালটি খুলতে পানিতে ডুব দিয়ে আর উঠে আসেনি। স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়।

পরে সরাইল ফায়ার সার্ভিস চেষ্টা করে ব্যর্থ হলে ভৈরব থেকে ডুবুরি দল আনা হয়। তারাও অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যান। অবশেষে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিস উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights