সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা।

সোমবার সকাল সাড়ে ১১টায় নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে নাটোর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

নাটোরের সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন একাত্তর টিভির সাংবাদিক বুলবুল আহমেদ, যমুনা টিভির সাংবাদিক নাজমুল হাসান, এনটিভির সাংবাদিক হালিম খান, এখন টিভির সাংবাদিক মাহবুব হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার।

বক্তারা বলেন, সাংবাদিক আলিফের হত্যারকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে। আলিফের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।

তারা আরও বলেন, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। তারপরও তার নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights