সাইফের শেষের ঝড়ে ১৮৭ রানের লক্ষ‍্য দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ দল। দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের ফিফটির সুবাদে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তবে এরপর নামে ব্যাটিং ধস। শেষ দিকে ইয়াসির আলি চৌধুরী এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং ঝড়ে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ দল। শেষ ওভারে চার ছক্কা হাঁকিয়ে ২৮ রান নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম শুরু থেকে এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। উইকেটের চারপাশে শট খেলেছেন। দলের বোর্ডে রানও তুলেছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৪ রান তোলে বাংলাদেশ।

পাওয়ারপ্লে শেষেও চলেছে সাইফ-তানজিদের উইলোবাজি। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়ে চলেছে বাংলাদেশের ইনিংস। সাইফ কিছুটা খোলসবন্দী থাকলেও তানজিদ ছিলেন আগ্রাসী। শতরান পার করেছে ওপেনিং জুটি। দুই ওপেনারই ছুঁয়ে ফেলেন ফিফটি।

তবে ফিফটির পর বেশি দূর আগাতে পারেননি দুজন। ওপেনিং জুটি ভাঙে ১২০ রানের মাথাতে। ৪৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। পরের ওভারেই ফিরেছেন তানজিদ। ৪৪ বলে ৫৮ রান করে বিদায় নেন তিনি।

দুই ওপেনারের বিদায়ে যেন ধস নামে টাইগার ইনিংসে। ১২০ রান থেকে ১৪১ রান পর্যন্ত যেতেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল। অধিনায়ক তাওহিদ হৃদয় ৫ বলে ৬ রান করেছেন। পারভেজ হোসেন ইমন খেলেন ২ বলে ১ রানের ইনিংস। নুরুল হাসান সোহান প্রথম বলে চার মেরে পরের বলেই হয়েছেন আউট।

শেষ দিকে কিছুটা লড়াই চালিয়ে গেছেন ফর্মে থাকা ইয়াসির আলি চৌধুরী। সাতে নেমে যোগ দেন মোহাম্মদ সাইফউদ্দিনও। শেষ ওভারে চার ছক্কায় ২৮ রান তোলেন সাইফউদ্দিন। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ দল। ১০ বলে ৩১ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন সাইফউদ্দিন। ১২ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা এবং ব্র্যাড ইভান্স। ১ উইকেট শিকার করেছেন সিকান্দার রাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights