সাগরের ঢেউয়ে কুয়াকাটা রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত: ব্লকের ফাঁক ও ধসের আশঙ্কা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সাগরের উত্তাল ঢেউয়ের ঝাপটায় পর্যটনকেন্দ্র কুয়াকাটার রক্ষা বাঁধের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁধের নিচ থেকে বালু ও মাটি সরে যাওয়ায় কংক্রিটের অসংখ্য প্রতিরক্ষা ব্লক দেবে গেছে। কোথাও কোথাও ব্লক স্থানচ্যুত হয়েছে। আবার এক ব্লক থেকে আরেক ব্লকের মধ্যে বড় ফাঁকের সৃষ্টি হয়েছে।
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কুয়াকাটা রক্ষা বাঁধে এসব কংক্রিট ব্লক স্থাপন করা হয়। তবে সাগরের বৈরী আচরণ ও সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাঁধের এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন হোটেল-মোটেল মালিক, বিনিয়োগকারী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। জোয়ারের সময় প্রবল বেগে ঢেউ বাঁধের ব্লকের ওপর আঘাত হানায় বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। জিরো পয়েন্টের পশ্চিম দিক থেকে মাঝিবাড়ী পর্যন্ত প্রায় ৫০০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়াকাটার মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সৈকত রক্ষায় একটি স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন তারা।
পর্যটনকর্মী জনি আলমগীর বলেন, ক্ষতিগ্রস্ত ব্লকগুলো দ্রুত মেরামত করে পুনরায় স্থাপন করা জরুরি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে কুয়াকাটায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ রক্ষায় জরুরি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দেবে যাওয়া ও স্থানচ্যুত ব্লকের এলাকায় শিগগিরই অন্তত ৩৫০ মিটার জিও টিউব স্থাপন করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, জিও টিউব স্থাপন করা হলে সাগরের ঢেউয়ের সরাসরি আঘাত থেকে বাঁধের কংক্রিট ব্লকগুলো রক্ষা করা সম্ভব হবে।
পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
