সাত পাকে বাঁধা রাঘব-পরিণীতি

অনলাইন ডেস্ক

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টি তথা আপ সংসদ সদস্য রাঘব চাড্ডা। বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রের পরিকল্পিত পোশাক পরে রাঘবের সঙ্গে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। গত মে মাসে তারা বাগদান সেরেছিলেন। এর চার মাস পর গতকাল রবিবার রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হল রাঘব ও পরিণীতির। তবে এখনও পর্যন্ত নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ‘ওয়েলকাম লাঞ্চ’র মাধ্যমে। তার পরে গায়েহলুদ ও সংগীত। রাঘব ও পরিণীতির সংগীতের অনুষ্ঠানে পারফর্ম করেন গায়ক নবরাজ। অনুষ্ঠানের জন্য নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করেছিলেন হবু দম্পতি। সেই পার্টিতেই ছিল ম্যাগি ও ক্যান্ডি ফ্লসের কাউন্টারও। আমন্ত্রিত অতিথিদের জন্য উপহারে ছিল গানের ক্যাসেট। সেই ক্যাসেটের প্লে লিস্ট নাকি তৈরি করেছিলেন পরিণীতি নিজে।

অন্যদিকে রাজনীতিবিদ পাত্রের বরযাত্রীর দলে শামিল হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালসহ বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রা। প্রিয় বন্ধু পরিণীতির বিয়েতে হাজির হয়েছিলেন টেনিস তারকা সানিয়া মির্জাও।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights