সাফ ফাইনালে বাংলাদেশ-ভারত?

রাশেদুর রহমান

হামজা চৌধুরীর আগমনের পর থেকেই সুবাতাস বইতে শুরু করেছে বাংলাদেশের ফুটবলে। ভারতের সঙ্গে প্রথমে ড্র, তাদের হারিয়ে দেওয়া এবং সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স। গত দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফুটবল যাচ্ছিল এক বড় ধরনের পরিবর্তনের দিকে। ছুটছিল পুরোনো জীর্ণশীর্ণ ফুটবল পেছনে ফেলে। সাফল্যের দিকে। সাফ চ্যাম্পিয়নশিপ ছিল বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে পুরো দলই হামজার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পড়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারই একটা প্রদর্শনী করেছে বাংলাদেশ। সামনে এবার সেমিফাইনাল। প্রতিপক্ষ পাকিস্তান।

ড্রফুটবলে পাকিস্তানের বিপক্ষে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। অতীতে দুই দলের মুখোমুখিতে আটবার জয় পেয়েছে বাংলাদেশ। ড্র করেছে পাঁচবার। বিপরীতে পাকিস্তানের জয় ৫টি। ১৯৯৫ সালের পর কেবল একবার ফুটবলে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। এবারের সেমিফাইনালেও ফেবারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। হামজাদের ফাইনালেই দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। অন্যদিকে ভুটানের বিপক্ষে সেমিতে খেলবে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এই ম্যাচে ফেবারিট। তবে কি ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত? সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ফাইনাল হয়েছে দুবার। ১৯৯৯ ও ২০০৫ সালে। দুবারই ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। এবার কি ভিন্ন কোনো দৃশ্য দেখা যাবে?

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ ম্যাচের জয়টাকে দারুণ এক অর্জন বলে মন্তব্য করেছেন দীর্ঘ সময় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ফুটবলার জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘ম্যাচটা ভালো ছিল (শ্রীলঙ্কার বিপক্ষে)। আমরা চারটা গোল করেছি, এটা একটা ভালো দিক। আবার ক্লিনশিটও পেয়েছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন আমাদের মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। কারণ আমার মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’

তবে বাংলাদেশেরও অস্ত্র এখন অনেক। ফারহান আলী ওয়াহিদ শ্রীলঙ্কার বিপক্ষে ৬ জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করে আলোচনায় আছেন। তার গোলটা নিয়ে আলাদা করে কথা বললেন জামাল ভূঁইয়াও। তিনি বলেন, ‘সম্ভবত জাতীয় স্টেডিয়ামে দেখা সেরা গোলগুলোর একটি ছিল এটি। হামজার বাইসাইকেল কিক এবং ফারহানের গোল-আমার মনে হয়, সেরা তিন গোলের মধ্যে থাকবে।’ তবে ফারহানকে অন্য খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতে রাজি নন জামাল। তিনি বলেন, ‘আমি চাই ফারহান নিজের পরিচয়টাই বড় করুক। তাকে অন্য খেলোয়াড়ের সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। বাংলাদেশের সমর্থকরা বলেন, আমার মেসি, আমার লামিন ইয়ামাল। কিন্তু আমি চাই, সে নিজের নাম বড় করুক। এটা ফারহান আলীর গোল, অন্য কোনো খেলোয়াড়ের নয়।’

হামজা ও ফারহান আসার পর দারুণ এক ভারসাম্যপূর্ণ দলে পরিণত হয়েছে বাংলাদেশ। তবে ডিফেন্সে এখনো অনেক ঘাটতি রয়েছে। তপু, বিশ্বনাথের ইনজুরি ছিল আগে থেকেই। এবার সাদেরও ইনজুরি। তারিক কাজীও আঘাত পেয়েছেন গত ম্যাচে। যদিও গুরুতর কিছু নয়। তার পরও ডিফেন্স সামলাতে থমাস ডুলিকে নতুন করেই ভাবতে হচ্ছে। জামাল ভূঁইয়া এ ব্যাপারে বলেন, ‘আমাদের পুরো স্কোয়াড দরকার। কারণ গতকাল (বুধবার) আমাদের ম্যাচ ছিল, আবার দুই দিন পর (কাল) আরেকটি ম্যাচ। তাই পুরো দলকেই প্রয়োজন। সাদ উদ্দিন ইনজুরিতে পড়েছে। সেখানে অবশ্যই বিকল্প খেলোয়াড় দরকার। আপনারা দেখেছেন, হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলেছে।’

বাংলাদেশ দলের পারফরম্যান্সের পেছনে হামজার অধিনায়কত্বকেই প্রাধান্য দিচ্ছেন অনেকে। তার নেতৃত্বে প্রথম ম্যাচ খেলতে নেমেই ৪ গোল করেছে বাংলাদেশ। সর্বশেষ এতগুলো গোল বাংলাদেশ করেছিল ২০১৯ সালে, ভুটানের বিপক্ষে (৪-১)। ৪-০ ব্যবধানের জয় আছে ২০১৩ সালে, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে। হামজার নেতৃত্বের প্রসংশা করে জামাল বলেন, ‘হামজা ভালো খেলেছে। সম্ভবত সে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়। সে সবচেয়ে বড় তারকা, দলের সেরা খেলোয়াড়। হামজার জন্য আমি খুবই খুশি।’

বাংলাদেশ ২০২৩ সালে সেমিফাইনাল খেলে দীর্ঘদিনের অপেক্ষা দূর করেছিল। সেমিফাইনাল খেলাই বড় কঠিন হয়ে পড়েছিল দলটার জন্য। ২০০৯ সালের পর থেকে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বই ছিল একমাত্র স্থান। ২০২৩ সালে সেই ধারা ভেঙে দেন তপুরা। এবার কী ২৩ বছরের শিরোপাখরাও দূর হবে? তবে সামনে কঠিন প্রতিপক্ষ। সেমিতে পাকিস্তান। বদলে যাওয়া এই দল এখন ভয়ংকর। ফাইনালে প্রতিপক্ষ হতে পারে ভারত। মিশন এখনো অনেকটাই ‘ইম্পসিবল’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights