‘সিগারেটে কার্যকর করারোপের এখনই সময়’

অনলাইন ডেস্ক

সিগারেটের দাম উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে তার ওপর কার্যকর হারে করারোপই এই ক্ষতিকারক পণ্যের ব্যবহার কমিয়ে আনার সবচেয়ে কার্যকর উপায় হিসেবে প্রমাণিত। তবে বাংলাদেশে সিগারেটে কার্যকর করারোপ না হওয়ায় এখনো দেশের ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের মধ্যে ১৫ শতাংশের বেশি ধূমপান করছেন। দেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর সিগারেটে করারোপের গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে কার্যকর করারোপের সূবর্ণ সুযোগ তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘সিগারেটে কার্যকর করারোপ’ শীর্ষক সেমিনারে এমন আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই সেমিনারে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। বিআইডিএস-এর গবেষণা পরিচালক ড. এস. এম. জুলফিকার আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষজ্ঞ আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজানা করিম, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল ইসলাম। সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন তামাক-বিরোধী নাগরিক সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গবেষকবৃন্দ। সেমিনারের প্রেক্ষাপট পত্র উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী।
প্রেক্ষাপট পত্র উপস্থাপনকালে আব্দুল্লাহ নাদভী বলেন, সিগারেটে কার্যকর করারোপ নিশ্চিত না করায় একদিকে নাগরিকদের স্বাস্থ্যগত ক্ষতির পরিমাণ বাড়ছে, অন্যদিকে- প্রতি বছর গড়ে ৬ হাজার ৬ শত কোটি টাকার মতো রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

বাংলাদেশে বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় সস্তায় সিগারেট পাওয়া যায় উল্লেখ করে ড. শিমুল বলেন যে, সিগারেটের ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনার সবচেয়ে ব্যয়সাশ্রয়ী পদ্ধতি হলো এই ক্ষতিকারক পণ্যগুলোর দাম বেশি করে বাড়িয়ে তার ওপর কার্যকর হারে করারোপ।

কিশোর-তরুণদের মধ্যে ধূমপান শুরু করা ঠেকানোর জন্য জাতীয় বাজেটে সিগারেটের দাম বেশি করে বাড়ানো একান্ত জরুরি বলে মত দেন ড. নাজমুল।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আদায়ের জন্য তামাক কম্পানির ওপর নির্ভরশীলতা কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে উদ্যোগী হতে হবে। এ ছাড়াও তিনি সিগারেটের খুচরা মূল্যের ওপর শতাংশ হিসেবে করারোপের পরিবর্তে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা হলে সরকারের কর আয় বৃদ্ধি ও সিগারেট কম্পানির কর ফাঁকির সুযোগ কমবে বলে মন্তব্য করেন।

সমাপনী বক্তব্যে ড. এস. এম. জুলফিকার আলী সাম্প্রতিক অর্থবছরগুলোতে মাথাপিছু আয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির তুলনায় সিগারেটের দাম যথেষ্ট না বাড়ানোর সমালোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করে উন্নয়ন সমন্বয়ের হেড অফ প্রোগ্রামস শাহীন উল আলম।

সিংড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নাটোর প্রতিনিধি.
নাটোরের সিংড়ায় এক নারীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ প্রতিবেশি যুবক রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার ছোট চৌগ্রামে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। অভিযুক্ত ধর্ষক ছোট চৌগ্রামের মৃত ফজলু বিশ্বাসের ছেলে।
ধর্ষিতার স্বামী বলেন, প্রতিদিনের ন্যায় তিনি রাত ১টার দিকে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। এই সুযোগে প্রতিবেশি বখাটে যুবক রবিউল ইসলাম তার বাড়ির রেলিং দিয়ে ঘরে ঢুকে বৈদ্যুতিক আলো বন্ধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। সকালে বিষয়টি এক প্রতিবেশির কাছে গিয়ে আমার স্ত্রী (ধর্ষিত নারী) জানালে তাদের পরামর্শ ও সহযোগিতায় থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ওই ইউনিয়নে নারী নির্যাতন ও ধর্ষণের বিষয়ে আইনশৃংখলা মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। তারা এলাকায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, বিষয়টি জানার পর ধর্ষিতার পরিবারের কাছ থেকে ধর্ষণ মামলা নেয়া হয়েছে। ধর্ষণের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষিতা নারীর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights