সিলেটে দেড় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার এলাকায় সিলেট জেলা পরিষদের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, সালুটিকর মৌজার ১৬২ নম্বর জেএল এবং ২ নম্বর খতিয়ানের ৪৭২, ৪৭৪ ও ৭৫৫ নম্বর দাগভুক্ত জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ৩০ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। লিজ ছাড়াই কয়েকজন ব্যক্তি সেখানে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। এছাড়া জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের স্ট্যান্ডও গড়ে তোলা হয়েছিল।

বৃহস্পতিবার পরিচালিত উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা অপসারণ করে সরকারি জমি দখলমুক্ত করা হয়। পরে জমির সীমানা চিহ্নিত করে কাটাতারের বেড়া দেওয়া হয়।

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম জানান, উদ্ধার হওয়া জমিতে জেলা পরিষদের উদ্যোগে কৃষকদের জন্য একটি আধুনিক ‘কৃষক বাজার’ নির্মাণ করা হবে। এর মাধ্যমে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে তাদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করতে পারবেন। এতে তারা পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতভাবে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights