সিলেটে নিখোঁজ কলেজছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নিখোঁজের তিন দিন পর অচেতন অবস্থায় এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে তাকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শনিবার পর্যন্ত ইয়ামিন আরাফাত হামিম নামের ওই কলেজছাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হামিম সিলেট মহানগরীর মোগলাবাজার থানার শ্রীরামপুর শেখপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার রাতে মুঠোফোন বিক্রির কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। এ ঘটনায় বুধবার তার বাবা জামাল উদ্দিন মোগলাবাজার থানায় জিডি করেন।

পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে শুক্রবার সকাল ৮টার দিকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ইয়ামিন আরাফাত হামিমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারের সময় তার কথা বলার মতো পরিস্থিতি ছিল না।
আরাফাতকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি এস এম মাঈন উদ্দিন।

আরাফাতের পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর তার ব্যবহৃত মুঠোফোন নম্বর থেকে মায়ের মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন আসে। এ সময় অপর প্রান্ত থেকে আরাফাত জানিয়েছিল, তাকে চারজন লোক আটকে রেখেছে। তাদের হাতে অস্ত্র আছে। যে ঘরে তাকে আটকে রাখা হয়েছে সে ঘরে আলো-বাতাস ঢোকে না। পুরো দিনে তাকে মাত্র একটি ‘বনরুটি’ খেতে দিয়েছে। সেই সঙ্গে এক লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। সর্বশেষ বুধবার রাতে আরাফাতের সঙ্গে কথা হয় পরিবারের সদস্যদের। এরপর ফোন বন্ধ পাওয়া যায়।

আরাফাত সিলেটের দক্ষিণ সুরমার শাহপরান (রহ.) সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। দুই ভাই ও এক বোনের মধ্যে ইয়ামিন দ্বিতীয়। ইয়ামিন পড়ালেখার পাশাপাশি বাড়ির পাশে একটি কম্পিউটার কম্পোজ ও মুঠোফোনে টাকা লেনদেনের দোকান চালাতেন। এইচএসসি পরীক্ষার পর থেকে তিনি দোকানে নিয়মিত যাতায়াত করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights